বৃষ্টিতে কাপ্তাই হ্রদে বেড়েছে পানি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদনও

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়েছে। এতে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও বেড়েছে।

সোমবার সকাল থেকে এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষের তথ্যমতে, কাপ্তাই হ্রদে বর্তমানে ১০০ দশমিক ৬০ ফুট উচ্চতায় পানি আছে। সাধারণত এসময় হ্রদে ৯৫ দশমিক ৯২ ফুট পানি থাকে।

কাপ্তাই হ্রদ সর্বোচ্চ ১০৯ ফুট পর্যন্ত পানি ধারণ করতে পারে। তবে হ্রদের পানির স্তর ১০৫ থেকে ১০৭ ফুটে পৌঁছালে তাকে বিপৎসীমা হিসেবে ধরা হয়।

কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদে এখন ১০০ ফুটের বেশি পানি রয়েছে। পানি বেড়ে যাওয়ায় পাঁচটি ইউনিট থেকে ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। পানি আরও বাড়লে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে।