রাউজানে যুবদল নেতা মাসুদুল হত্যা: অস্ত্রধারী ইলিয়াস ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক হত্যা মামলায় মো. ইলিয়াস ওরফে ‘ধামা ইলিয়াসের’ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করলে বিচারিক সাখাওয়াত হোসেন এ আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার ঢাকা থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে আনা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ও মাসুদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জাহিদ ডেইলি স্টারকে বলেন, ঢাকার শেরেবাংলা থানা এলাকায় ইলিয়াসের অবস্থান শনাক্ত করে সেখানকার পুলিশকে জানানো হয়। তারা সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১৫ জুন চট্টগ্রামের রাউজানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক।

পুলিশ জানায়, ইলিয়াসের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, চাঁদাবাজিসহ অন্তত ২১টি মামলা রয়েছে। সিসিটিভি ফুটেজে যুবদল নেতা মাসুদুলকে হত্যার সময় গোলাপি রঙের টি-শার্ট পরা অবস্থায় তার হাতে একটি শটগান দেখা যায়। পরিচয় গোপন করতে তিনি মুখে মাস্কও পরেছিলেন।

মো. রায়হান আলমের গ্যাংয়ের সক্রিয় সদস্য ইলিয়াস। রায়হানও তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি বিদেশে অবস্থান করে চট্টগ্রামে অপরাধচক্র পরিচালনা করা বড় সাজ্জাদ ওরফে সাজ্জাদ আলী গ্যাংয়ের বিশ্বস্ত সহযোগীদের একজন।

হত্যাকাণ্ডের ঘটনায় মাসুদুলের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রায়হান,  ইলিয়াস,  মোবারক, দিদারুল আলম ও মোহাম্মদ ইউসুফসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করা হয়েছে।