ফিফা বিশ্বকাপ ২০২৬

‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’, অভিযোগ স্পেনের ডিফেন্ডারের

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে মাঠের বাইরের লড়াই জমে ক্ষীর! হাইভোল্টেজ ম্যাচের বাঁশি বাজার আগেই কথার লড়াইয়ে পারদ চড়ালেন স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে কড়া ও আগ্রাসী ফুটবল খেলার অভিযোগ তুলেছেন তিনি। তার সাফ কথা, আলবিসেলেস্তেরা মাঠে একের পর এক ফাউল করেও পার পেয়ে যাচ্ছে এবং প্রতিপক্ষের ফুটবলারদের আঘাত করাই যেন তাদের লক্ষ্য!

বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বজয়ের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। কিন্তু এই ব্লকবাস্টার ফাইনালের আগে স্প্যানিশ শিবিরকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে আর্জেন্টিনার শারীরিক ফুটবল। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার করা ১৫টি ফাউল এবং মাঠের আগ্রাসনকে ভালো চোখে দেখছেন না লাপোর্তে।

স্প্যানিশ দৈনিক ‘মার্কা’-কে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটির সাবেক এই ডিফেন্ডার রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘পরিস্থিতি যেন হাতের বাইরে চলে না যায়, সেটা নিয়ন্ত্রণ করা রেফারির কাজ। এক বা দুজন খেলোয়াড়কে যদি মাঠে এভাবে পার পেয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তবে ম্যাচ পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়ে।’

৩২ বছর বয়সী এই ডিফেন্ডার স্পষ্ট করেই আঙুল তুলেছেন লিওনেল স্কালোনির শিষ্যদের দিকে। নিয়মের মধ্যে থাকা শারীরিক ফুটবল নিয়ে আপত্তি না থাকলেও আর্জেন্টিনার খেলাকে নিয়মের বাইরে বলেই মনে করছেন তিনি, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা এমন কিছু জিনিস দেখেছি যা আমাদের সত্যিই অবাক করেছে—এমন অনেক ফাউল ও আচরণ, যা অনায়াসে পার পেয়ে গেছে। বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে এটা খুব বেশি সত্যি। ওরা এমন একটা দল, যারা প্রতিপক্ষের গায়ে আঘাতের দাগ রেখে দিতে পছন্দ করে। বড় টুর্নামেন্টে এই ধরনের ফুটবল চলতে দেওয়া উচিত নয়, কারণ এটা প্রতিপক্ষকে ক্ষুব্ধ করে ম্যাচ থেকে ছিটকে দেয়।’

অবশ্য লাপোর্তে যুদ্ধংদেহী মনোভাব দেখালেও স্পেনের ডাগআউট ও অধিনায়ক কিন্তু বেশ শান্ত। কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রতিপক্ষের প্রতি সমীহ জানিয়ে বলেছেন, ‘আমি সবার মতামতকে শ্রদ্ধা করি। আর্জেন্টিনা বর্তমান বিশ্ব ও লাতিন চ্যাম্পিয়ন, তাদের প্রতি আমার কেবলই মুগ্ধতা আর শ্রদ্ধা রয়েছে।’

অন্যদিকে স্প্যানিশ অধিনায়ক রদ্রিও কোনো মাঠের বাইরের মনস্তাত্ত্বিক লড়াইয়ে জড়াতে নারাজ। উসকানিতে পা না দেওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই আর্জেন্টিনা মাঠে নিজেদের সবটুকু ঢেলে দিয়ে লড়বে, নোংরা ফুটবল খেলবে না। তবে মাঠে তেমন পরিস্থিতি তৈরি হলেও আমাদের শান্ত থাকতে হবে। কোনো উসকানিতে না জড়িয়ে আমাদের নিজেদের ফুটবলটাই খেলতে হবে।’

মাঠের লড়াইয়ে নামার আগে লাপোর্তের এই বিস্ফোরক মন্তব্য ফাইনালের উত্তেজনাকে যে বহুগুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, রেফারির বাঁশি আর মাঠের ফুটবলে এর কী প্রভাব পড়ে!