স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, রহস্যময় পোস্ট সালমান খানের
বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে সম্প্রতি ভক্তদের মধ্যে দেখা দিয়েছিল স্বাস্থ্য-উদ্বেগ। মুম্বাইয়ের এসআরএ অফিসে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সেসব ছবি দেখে অনেকেরই মনে হয়েছে, আগের তুলনায় বেশ রোগা দেখাচ্ছে অভিনেতাকে। কারও কারও চোখে তাকে কিছুটা ক্লান্তও লেগেছিল।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। ভাইরাল হওয়া পোস্টগুলোর মন্তব্যের ঘর ভরে যায় ভক্তদের উদ্বেগ আর সুস্থতা কামনার বার্তায়।
এই আলোচনার মধ্যেই ইনস্টাগ্রামে একগুচ্ছ সাদা-কালো ছবি পোস্ট করেন সালমান খান। কাউবয় পোশাক, মাথায় স্টাইলিশ হ্যাট ও স্বাভাবিক অভিব্যক্তিতে ধরা দেন তিনি। তবে ছবির চেয়ে বেশি দৃষ্টি কাড়ে তার ক্যাপশন। সেখানে তিনি লেখেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’
সালমানের এই সংক্ষিপ্ত ক্যাপশনকে অনেকেই তার স্বাস্থ্য নিয়ে চলা জল্পনার পরোক্ষ জবাব হিসেবে দেখছেন। নিজের শারীরিক অবস্থা নিয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে বরং ভক্তদেরই খোঁজ নেওয়ার ভঙ্গি বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তার অনুরাগীরা।
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী অঞ্জলি আনন্দ, ইনফ্লুয়েন্সার ও রিয়েলিটি শো ব্যক্তিত্ব খানজাদি (ফিরোজা খান) এবং কনটেন্ট ক্রিয়েটর নাগমা মিরাজকার। পাশাপাশি হাজারো ভক্ত জানিয়েছেন স্বস্তির কথা।
অনেকেই লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানকে সক্রিয় দেখে ভালো লাগছে, সেই সঙ্গে তার সুস্বাস্থ্যও কামনা করেছেন।
যদিও স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া আলোচনা বা গুঞ্জন সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি সালমান খান, তবু তার এই ইনস্টাগ্রাম পোস্ট অনেক ভক্তের উদ্বেগ কিছুটা হলেও কমিয়েছে।
অন্যদিকে কাজের ব্যস্ততাও চলছে পুরোদমে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি। এই সিনেমাতে প্রথমবারের মতো সালমানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। চলতি বছরের শুরুতে মুক্তির কথা থাকলেও পরে মুক্তির সময় পিছিয়ে দেওয়া হয়।
এ ছাড়া পরিচালক ভামশি পাইদিপল্লির নাম চূড়ান্ত না হওয়া একটি প্যান-ইন্ডিয়া সিনেমাতেও অভিনয় করছেন সালমান খান। সেখানে প্রথমবারের মতো দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি।