৪ দাবিতে ২৩ আগস্ট থেকে দেশব্যাপী সিএনজি স্টেশন বন্ধ রাখার হুঁশিয়ারি

স্টার অনলাইন রিপোর্ট

আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ ৪ দাবিতে এ আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

দাবি পূরণ না হলে আগামী ৩০ জুলাই দেশব্যাপী প্রতীকী ধর্মঘট এবং ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী।

এ সময় সংগঠনের সভাপতি মনোরঞ্জন ভক্ত, মহাসচিব ফারহান নূরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে সিএনজির প্রতি ঘনমিটার বিক্রিতে কমিশন ৮ টাকাই রয়েছে। গত প্রায় ১১ বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম একাধিকবার বেড়েছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে শ্রমিকের মজুরি, ব্যাংক গ্যারান্টি কমিশন, ঋণের সুদ, ডলারের বিনিময় হার এবং স্টেশন পরিচালনার অন্যান্য ব্যয়ও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কমিশন অপরিবর্তিত থাকায় অধিকাংশ স্টেশন ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ওনার্স অ্যাসোসিয়েশনের ৪ দাবি হলো—প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ, ভবিষ্যতে জ্বালানির মূল্য বাড়লে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা, গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল এবং সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারাসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।

সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি পূরণ না হলে আগামী ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশনে প্রতীকী ধর্মঘট পালন করা হবে।

দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে ২৩ আগস্ট থেকে দেশব্যাপী সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

কমিশন বাড়ানোর বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যুতের দাম বাড়ানোয় স্টেশন পরিচালনার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে বর্তমান কমিশনের অর্থ দিয়ে পরিচালন ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।