যেসব শর্তে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নফাঁস ইস্যুতে জবাবদিহি চেয়ে আন্দোলনরত তরুণদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার স্পষ্ট আশ্বাস পেলে অনশন ভাঙবেন বলে জানিয়েছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।
অন্যথায় তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আজ বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিংকে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা ওই চিঠিতে তিনি লিখেছেন, ন্যায্য ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবিতে গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার কোনো শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা দিলে অনশন ভাঙবেন তিনি।
একইসঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদেরও কর্মসূচি স্থগিত করে সরকারের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানাবেন।
ABHI BHI ZINDA HUN.... DAY 25 pic.twitter.com/SnwKXMfvOO
— Sonam Wangchuk (@Wangchuk66) July 22, 2026
২৫ দিন ধরে অনশনরত সোনম ওয়াংচুক এখন গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সম্পূর্ণ সচেতন আছেন।
চিঠিতে তিনি আরও লিখেছেন, তার সঙ্গে আলোচনায় দুটি বিষয় ইতিবাচকভাবে বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী।
সেগুলো হলো—প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা।
সংসদে বিষয়টি নিয়ে অর্থবহ আলোচনা করা এবং জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি বিবেচনায় নেওয়া।
চিঠিতে আন্দোলন দমনে সরকারকে অতিরিক্ত বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছেন ওয়াংচুক।
চিঠিতে তিনি উল্লেখ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সংসদ সদস্য তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। তবে আন্দোলনের মূল উদ্দেশ্য ও তরুণদের স্বার্থের সঙ্গে আপস করে অনশন ভাঙবেন না তিনি।
গণতন্ত্রের ভবিষ্যৎ শুধু সরকারের সঙ্গে একমত পোষণ করা ব্যক্তিদের প্রতি আচরণের ওপর নির্ভর করে না উল্লেখ করে ওয়াংচুক লিখেছেন, সাহস ও দৃঢ়তার সঙ্গে কথা বলা তরুণ নাগরিকদের সঙ্গে রাষ্ট্র কীভাবে আচরণ করে তার ওপরও নির্ভর করে।
এদিকে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত যন্তর-মন্তরে আন্দোলন চালিয়ে যাবেন তারা।
মেডিকেলে ভর্তির পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে সরকারের জবাবদিহিতার দাবিতে গত ২৮ জুন অনশন শুরু করেন ৫৯ বছর বয়সী ওয়াংচুক।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নয়াদিল্লির যন্তর-মন্তরে ওয়াংচুকের অনশনমঞ্চে যোগ দেন কয়েকশ শিক্ষার্থী। অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টিও এ দাবির সমর্থনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।