আশুলিয়ায় চলন্ত বাসে পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে নারী পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. আজিজুল শিকদার ওরফে রাজু (৩৭) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হরিণহাটি গ্রামের বাসিন্দা।

সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

আজ রোববার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

তবে, বাসটি জব্দ করা হলেও অভিযুক্ত হেলপার এখনো পলাতক বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, ‘গত ১২ জুলাই দিবাগত রাতে গাজীপুরের চন্দ্রা থেকে ডিইপিজেড এলাকার উদ্দেশে ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী পোশাকশ্রমিক। শ্রীপুর বাসস্ট্যান্ডে সব যাত্রী নেমে যাওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে বাসটির চালক তাকে ধর্ষণের চেষ্টা করেন ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। আত্মরক্ষার জন্য বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন ওই নারী।’

ওসি আরও বলেন, ‘গত ১৫ জুলাই এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ওই নারী। পরে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাসটি শনাক্ত ও আজিজুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।’

বাসচালক আজিজুলকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি তরিকুল ইসলাম।