কাশিমপুর কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার তিন দিন পর নারী কয়েদি মোছা. রিম্পা (২১) গ্রেপ্তার হয়েছেন।
আজ রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার কারাগার থেকে পালিয়ে যাওয়া রিম্পাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
গত বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দির সঙ্গে কাজ করার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা মেট্রনদের তদারকির ফাঁক গলে পালিয়ে যান রিম্পা।
নিয়ম অনুযায়ী বিকেল ৫টার মধ্যে বন্দিদের লকআপে নেওয়ার কথা থাকলেও, তার আগেই কোনো এক সময় তিনি পালিয়ে যান। সেদিন রাত ৮টার দিকে নিয়মিত বন্দি গণনার সময় বিষয়টি ধরা পড়ে। পরে কারাগারের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন মেট্রন ও চারজন নারী কারারক্ষীসহ সাত কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা রিম্পা ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিন মাসের সাজা ভোগ করছিলেন।
ঘটনার পর শুক্রবার কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে পালানোর ঘটনায় করা মামলার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চলছিল। সেই অভিযানের অংশ হিসেবেই রোববার তাকে গ্রেপ্তার করা হয়।
