মিরপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা: অস্ত্র মামলায় গ্রেপ্তার ২, একজন ৩ দিনের রিমান্ডে
রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ও অপর দুজন আহতের ঘটনায় গ্রেপ্তার চঞ্চল মোল্লাকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এ আদেশ দেন।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার হালদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আরেক অভিযুক্ত জিয়ারুল হককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে কাফরুলের ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাত হামলাকারীদের এলোপাতাড়ি গুলিতে যুবদল কর্মী ইউসুফ আলী (৪৫) নিহত হন।
গুলিতে নালম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২) নামে আরো দুজন গুরুতর আহত হন।
নিহত ইউসুফ কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। আহত মনির পেশায় পোশাক ব্যবসায়ী এবং নালম সবজি বিক্রেতা।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১২টা ৪০ মিনিটের দিকে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয়রা সন্দেহভাজন হামলাকারী মো. চঞ্চল মোল্লাকে ধরে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এসআই শ্যামল কুমার হালদার বলেন, অভিযুক্ত চঞ্চল, জিহাদ মোল্লা, জিয়ারুল মোল্লা ও হাসানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
ডিবি মিরপুর বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, হামলায় ৪ জন অংশ নেয়। তাদের মধ্যে দুজন ঝিনাইদহের এবং দুজন মাগুরার। অভিযুক্ত অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
