হবিগঞ্জে যৌথ অভিযানে উদ্ধার ২৪টি বন্যপাখি

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জের মাধবপুরে যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বাঘাসুরা ইউপির কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে বন বিভাগ, সাতছড়ি সহব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশ।

উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে—তিনটি টিয়াপাখি, চারটি শালিক, ছয়টি ঘুঘু, ছয়টি ডাহুক, একটি কোড়া, একটি বালিহাঁস ও তিনটি ময়না।

উদ্ধারের পর ডাহুক, কোড়া ও বালিহাঁস শাহজাহানপুরের কাটেঙ্গা বিলে অবমুক্ত করা হয়। আর টিয়া, শালিক, ঘুঘু ও ময়নাগুলো সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনে ছেড়ে দেওয়া হয়।

সাতছড়ি সহব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমাদের সদস্যরা প্রথমে তথ্য সংগ্রহ করেন। পরে বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। বন ও বন্যপ্রাণী রক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘বন্যপ্রাণী ধরে রাখা বা পালন করা দণ্ডনীয় অপরাধ। উদ্ধার করা সব পাখিই তাদের উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।’