আপনারা নিজের শত্রুকে আ. লীগ বানায়ে ধরার চেষ্টা করতেছেন: ছাত্রদল নেতাকে কুমিল্লার এসপি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

রাজনৈতিক প্রতিপক্ষকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে চিহ্নিত করার সমালোচনা করে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) বলেছেন, অপছন্দের মানুষ হলেই তার বিরুদ্ধে এই তকমা ব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি এক বৈঠকে কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুকে কুমিল্লার এসপি আনিসুজ্জামান বলেছেন, ‘আপনারা এখন নিজের শত্রুকে আওয়ামী লীগ বানায়ে ধরার জন্য চেষ্টা করতেছেন। যাকে আপনার পছন্দ হয় না, ওকে বেশি করে বানান।’

জানা গেছে, গত বৃহস্পতিবার জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন এসপি।

বৈঠকে ছাত্রদলের সাবেক নেতা ফখরুল ইসলাম মিঠু এসপিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লা চলে এসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না।’

উত্তরে এসপি আনিসুজ্জামান বলেন, ‘এটা একটা মিটিং, এখানে বহু মানুষ আছে। আপনি এখানে এভাবে কথা বলতে পারেন না একটা বাহিনী সম্পর্কে। জিসানের বাবার মামলা ঢাকায়। কথাটা বুঝতে হবে। এটা পলিটিক্সের মঞ্চ না। ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে ঢাকায় ছাত্রদল করে আসছি।’

তিনি আরও বলেন, ‘যখন একটা ফরমাল মিটিং এসে কথা বলবেন, তথ্য নিয়ে কথা বলবেন।’

এ পর্যায়ে আবারও ফখরুল ইসলাম মিঠু বলেন, ‘আমরা তথ্য দিয়েই বলছি স্যার, ফ্যাসিস্টের বিষয়ে আমরা তথ্য দিয়েও কোনো ভূমিকা পাই না।’

জবাবে এসপি আনিসুজ্জামান বলেন, ‘আপনারা এখন নিজের শত্রুকে আওয়ামী লীগ বানায়ে ধরার জন্য চেষ্টা করতেছেন। যাকে আপনার পছন্দ হয় না, ওকে বেশি করে বানান।’

বৈঠকে এসপি বলেন, ‘কথা বলার আগে একটু চিন্তা করবেন। কুমিল্লা জেলখানার ধারণক্ষমতা কত? আমি দুই লাখ লোক দিব, রাখতে পারবেন?একটা বাহিনী সম্পর্কে কথা বলার আগে… এই বাহিনীটা ৫ আগস্টের পরে যেখানে কোথাও পুলিশ ছিল না, সেই পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। (পুলিশে) ফ্যাসিস্টের লোকজন তো আছে এখনো অনেকেই। প্রতিদিন চাকরি যাচ্ছে আমাদের।’

তিনি বলেন, ‘আমরা জাতীয় নির্বাচন তুলে দেই নাই? জাতীয় নির্বাচন হয়েছে না এখানে? নির্বাচন কি সুষ্ঠু হয় নাই?’

সারা দেশে জুলাই গণহত্যার বিচার চলমান উল্লেখ করে এসপি বলেন, ‘শেখ হাসিনার ফাঁসি হয়েছে, (তৎকালীন) স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ফাঁসি হয়েছে, পুলিশের হাবিবের (সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান) ফাঁসি হয়েছে। একটু অপেক্ষা করেন। বাকিগুলোও বিচার প্রক্রিয়ায় আছে। আমি নিজে অনেক চার্জশিট দিয়ে এসেছি ঢাকা জেলায়।’

ছাত্রদল নেতার সঙ্গে এসপির এমন বাদানুবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

জুলাই শহীদ দিবসের ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।