বাংলাদেশে ব্রাউজারে ফেসবুকে প্রবেশে বিভ্রাট, মোবাইল অ্যাপ স্বাভাবিক
বাংলাদেশের অনেক ব্যবহারকারী আজ রোববার দুপুর ২টার পর থেকে ডেস্কটপ ও ল্যাপটপে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন।
তবে তাদের অনেকেই বলেছেন, মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাচ্ছে।
ডেস্কটপে ফেসবুকে প্রবেশে সমস্যাটি নিয়ে অনেক ব্যবহারকারী অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তাদের ভাষ্য, কম্পিউটারের ব্রাউজার থেকে ফেসবুকে লগইন করা সম্ভব হচ্ছে না।
তবে একই সময়ে মোবাইল অ্যাপ সচল থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমস্যাটি মূলত ওয়েব সংস্করণ বা ডেস্কটপ অ্যাক্সেসের মধ্যেই সীমাবদ্ধ।
এদিকে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, তাদের নেটওয়ার্কে কোনো ধরনের সমস্যা নেই। পাশাপাশি ফেসবুক বন্ধ বা সীমিত করার বিষয়ে সরকারের পক্ষ থেকেও তারা কোনো নির্দেশনা পাননি।
দেশের অন্যতম পাইকারি ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান ফাইবার@হোমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) সুমন আহমেদ সাবির বলেন, ‘ইন্টারনেট সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের সমস্যা নেই।’
এ বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সমস্যাটি ফেসবুকের নিজস্ব কারিগরি ত্রুটির কারণে হয়েছে, নাকি অন্য কোনো কারণে—তা নিশ্চিত হওয়া যায়নি।
একইসঙ্গে কতজন ব্যবহারকারী এই সমস্যার মুখোমুখি হয়েছেন বা এর ব্যাপ্তি কতটা, সেটিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।