বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের ১ সেনা ও ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের এক সেনা ও দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই ৩ জন হলেন—মিয়ানমারের সেনা সদস্য তুন দে তে (৩৮) এবং মিয়ানমার পুলিশের কিয়াও নাইং (৩৫) ও থেইন জাও (৩৩)। তারা ইয়াঙ্গুন ও মংডুর বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে নাফ নদী পার হয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে। পরে তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, 'বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন পুলিশকে জানান, গত ২৪ ফেব্রুয়ারি আরাকান আর্মি তাদের বন্দি করে মংডুতে আটকে রেখেছিল। রোববার তারা সেখান থেকে পালান এবং সাঁতরে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।