ডেইলি স্টার ও প্রথম আলোয় হামলা: অভিযুক্ত উসকানিদাতা জামিনে মুক্ত
দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন।
অভিযুক্ত মুয়াজ বিন আব্দুর রহমান জামিন পাওয়ার পর গত ৩ জুলাই কারামুক্ত হন।
গতকাল বুধবার তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার জামিনের বিষয়টি জানা যায়।
গত বছরের ১৮ ডিসেম্বরে প্রথম আলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরে সংঘবদ্ধ হামলাকারীরা ডেইলি স্টার কার্যালয়ে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ সময় সেখানে ২৯ জন সাংবাদিক ও কর্মচারী ভেতরে আটকা পড়েন।
আদালতের নথি অনুযায়ী, ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গত ২২ ডিসেম্বর মুয়াজসহ আরও ৮ সন্দেহভাজনকে আটক করা হয়। পরে প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলাতে মুয়াজকে গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত কর্মকর্তাদের দাবি, মুয়াজের উসকানিমূলক বক্তব্যের জেরে এসব হামলার ঘটনা ঘটে।
আদালত পুলিশের এক কর্মকর্তা ডেইলি স্টারকে জানান, প্রথম আলোর কার্যালয়ে হামলার মামলায় গত ৭ জুন মুয়াজ জামিন পান।
গত ২২ ডিসেম্বর ডেইলি স্টারের করা মামলায় ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। দণ্ডবিধি, সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার নিরাপত্তা অধ্যাদেশের আওতায় এ মামলা করা হয়। এতে আনুমানিক ৪০ কোটি টাকার ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।
ওইদিন রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব কার্যালয়ে হামলার ঘটনায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে প্রথম আলো। মামলাটি দণ্ডবিধি, সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশের আওতায় করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, প্রথম আলোর লুট হওয়া সম্পদের মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এছাড়া ভাঙচুর ও অগ্নিসংযোগে প্রায় ৩২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, এ পর্যন্ত দুই মামলায় মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।