বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পুরো শক্তির দল দিল অস্ট্রেলিয়া
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন অজিদের তিন বর্ষীয়ান বোলিং তারকা—অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং স্পিনার নাথান লায়ন।
১৩ আগস্ট থেকে ডারউইন ও ম্যাকাইয়ে শুরু হতে যাওয়া এই সিরিজের দল থেকে বাদ পড়েছেন অ্যাশেজজয়ী পেসার মাইকেল নেসার। চতুর্থ পেসার হিসেবে দলে জায়গা ধরে রেখেছেন স্কট বোল্যান্ড।
গত ১২ মাস ধরে এই তিন অভিজ্ঞ বোলারই ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন। ৩৫ বছর বয়সী হ্যাজলউড অ্যাশেজ এবং ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেছিলেন। ২০২৫ সালের জুলাইয়ের পর এবারই প্রথম অজিদের টেস্ট দলে ফিরলেন তিনি। অন্যদিকে ৩৩ বছর বয়সী কামিন্স এবং ৩৮ বছর বয়সী লায়ন—দুজনে মিলে ঘরের মাঠে গত অ্যাশেজে মাত্র তিনটি টেস্ট খেলতে পেরেছিলেন। পিঠের ইনজুরির কারণে কামিন্স এবং হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচারের পর লায়ন গত বছরের ডিসেম্বরের পর আর অস্ট্রেলিয়ার হয়ে কোনো ফরম্যাটেই মাঠে নামেননি।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, 'ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার জন্য গত কয়েক মাসে তারা ইন্ডিভিজুয়ালি এবং এসএসএসএম (স্পোর্টস সাইন্স) টিমের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছে। যদিও এটি ১৩ জনের একটি স্কোয়াড, তবে সিরিজের আগে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে তার জন্য অন্য খেলোয়াড়রাও প্রস্তুত রয়েছে।'
সামনের ১২ মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালসহ অস্ট্রেলিয়াকে প্রায় ২১টি টেস্ট খেলতে হতে পারে। তাই বয়সের ভারে ন্যুব্জ এই অভিজ্ঞ বোলিং আক্রমণকে সাবধানেই ব্যবহার করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
বেইলি আরও যোগ করেন, 'যেমনটা আগে বলা হয়েছে, আগামী ১২ মাসের ম্যাচের চাপ ও ব্যস্ত সূচির কারণে সব ফরম্যাটেই অনেক খেলোয়াড়ের সামনে নতুন সুযোগ তৈরি হবে।'
জানুয়ারিতে অ্যাশেজ জয়ের পর উদ্বোধনী ব্যাটার উসমান খাঁজা অবসর নেওয়ায় ট্রাভিস হেডের সঙ্গে নতুন ওপেনারের জায়গা খালি রয়েছে। সেখানে জেইক ওয়েদারল্ডের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তিন নম্বরে নামতে পারেন ক্যামেরন গ্রিন বা মার্নাস লাবুশেন।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেইক ওয়েদারল্ড ও বো ওয়েবস্টার।