আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণে টিভি দর্শকের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয় শুধু মাঠেই উত্তেজনা ছড়ায়নি, টেলিভিশনের পর্দাতেও গড়েছে নতুন ইতিহাস। বিশ্বকাপের ইংরেজি ভাষার সম্প্রচারের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক দেখেছেন এই সেমিফাইনাল।

২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ভ্যারাইটি'র প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ফক্স স্পোর্টসের সম্প্রচারে ম্যাচটি গড়ে ১ কোটি ৫০ লাখ ৬৩ হাজার দর্শক দেখেছেন। এটি বিশ্বকাপের সেমিফাইনালে ইংরেজি ভাষার সম্প্রচারের ইতিহাসে সর্বোচ্চ দর্শকসংখ্যা।

এর মাত্র একদিন আগেই স্পেন-ফ্রান্স সেমিফাইনাল ১ কোটি ১৪ লাখ ৬২ হাজার দর্শক নিয়ে নতুন রেকর্ড গড়েছিল। কিন্তু মেসি ও হ্যারি কেইনদের লড়াই সেই রেকর্ড মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভেঙে দেয়।

ম্যাচ চলাকালে বাংলাদেশ সময় রাত ২টা ৪৫ মিনিট থেকে ৩টার মধ্যে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৪:৪৫-৫টা) দর্শকসংখ্যা সর্বোচ্চ ২ কোটি ২১ লাখ ৭৭ হাজারে পৌঁছায়।

তুলনামূলকভাবে, কাতার বিশ্বকাপের ২০২২ আসরের দুই সেমিফাইনালে ফক্সের গড় দর্শকসংখ্যা ছিল ৬৫ লাখ ৩১ হাজার। ওই আসরে ফ্রান্স-মরক্কো সেমিফাইনাল ৬৫ লাখ ৯৫ হাজার দর্শক নিয়ে এতদিন ইংরেজি ভাষার সম্প্রচারে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ড ধরে রেখেছিল।

অন্যদিকে যুক্তরাজ্যেও ব্যাপক সাড়া ফেলেছে ম্যাচটি। রেডিও টাইমস জানিয়েছে, বিবিসি ওয়ান ও বিবিসি আইপ্লেয়ারে সম্প্রচারিত ম্যাচটি দেশটিতে ২০২৬ সালের সবচেয়ে বেশি দর্শক দেখা সরাসরি টেলিভিশন অনুষ্ঠান।

সেখানে ম্যাচটি গড়ে ২ কোটি ২১ লাখ দর্শক দেখেছেন। একপর্যায়ে দর্শকসংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে যায়, যা সে সময় টেলিভিশন দেখছিলেন এমন মোট দর্শকের ৮৫ শতাংশ।

এটি চলতি বিশ্বকাপে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি দেখা ম্যাচও। এর আগে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল সর্বোচ্চ ১ কোটি ৬৮ লাখ দর্শক টেনেছিল। এছাড়া ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির কাছে ইংল্যান্ডের হারের পর এটিই বিবিসির সবচেয়ে বড় সরাসরি সম্প্রচার দর্শকসংখ্যা।

বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। তার আগে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স।