এসএসসি-সমমানের ফল প্রকাশ ২৮ জুলাইয়ের পর
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগের ঘোষণা অনুযায়ী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ হচ্ছে না। তবে ২৮ জুলাইয়ের পর তা প্রকাশ হতে পারে।
শিক্ষাবোর্ডগুলো ফলাফল তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় তারিখ পিছিয়ে যাচ্ছে।
আজ শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'বোর্ডগুলো আগামী ২৮ বা ২৯ জুলাইয়ের মধ্যে ফলাফল চূড়ান্ত করতে পারবে বলে আশা করছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে।'
'আগে ২০ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল পরিস্থিতিসহ বেশ কিছু কারণে আমরা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারিনি,' বলেন তিনি।
আগের নির্ধারিত সময়ের চেয়ে ফল প্রস্তুতে এক সপ্তাহ সময় বেশি লাগছে। তবে তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে বলে জানান অধ্যাপক আখতারুজ্জামান।
এর আগে, গত ৮ জুন সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হিসেবে ২০ জুলাইয়ের কথা জানিয়েছিলেন।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষাবোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।
সব বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল।