চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু
বৈরী আবহাওয়া ও বন্যার কারণে কয়েকদিন স্থগিত থাকার পর চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ সোমবার থেকে পুনরায় শুরু হয়েছে।
দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষাগুলোও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ জানান, বোর্ডের সময়সূচি অনুযায়ী আজ সকাল ১০টা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন (১ম পত্র), জীববিজ্ঞান (তত্ত্বীয়) (১ম পত্র) এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (১ম পত্র) বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে।
তিনি আরও জানান, বিকেলের সেশনে খাদ্য ও পুষ্টি (১ম পত্র) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীরা ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) (২য় পত্র) এবং তাজবিদ (২য় পত্র, মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষায় অংশগ্রহণ করছে। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থীরা আজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ পরীক্ষা দিচ্ছে।
ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ১১ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত হয়। এরপর ১৬ জুলাই রাতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
২৩ জুলাই শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রুটিন অনুযায়ী আগামী জুলাই ২৭ তারিখ থেকে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা চলবে। রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার পর স্থগিত হওয়া পরীক্ষার তারিখ জানানো হবে।