হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট ৮১০

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট মৃত্যু বেড়ে হয়েছে ৮১০।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৭১৫ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছে।

একই সময়ে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১৮৭ জনের। এ বছর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৯৪ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ১৫০ জনে।