একনেকে ৮ প্রকল্প অনুমোদন: ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে

স্টার অনলাইন রিপোর্ট

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা।

এর মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ৩১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা সংস্থান করা হবে। বাকি অর্থ বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

আজ বুধবার একনেকের সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প (২য় সংশোধন)’। সংশোধনীতে প্রকল্পটির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। 

একই সঙ্গে এর ব্যয় আরও ৯ হাজার ৪৯২ কোটি ৬৪ লাখ টাকা বাড়ানো হয়েছে, যার ফলে প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ দাঁড়াচ্ছে ২৭ হাজার ৪৫ কোটি ৬৮ লাখ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করছে।

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৭২৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে বেগমগঞ্জ-৫ মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন প্রকল্প অনুমোদন পেয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের জুন মেয়াদে বাপেক্স ও পেট্রোবাংলা এটি বাস্তবায়ন করবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ‘বৃহত্তর দিনাজপুর জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প’ এবং ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ নামক দুটি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এছাড়া ৩৬৮ কোটি টাকা ব্যয় বাড়িয়ে ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ প্রকল্পের প্রথম সংশোধনী পাস হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধন)’ অনুমোদন পেয়েছে, যেখানে অতিরিক্ত ১ হাজার ২৩ কোটি ৩১ লাখ টাকা জোগান দেওয়া হবে।

স্বাস্থ্যখাত জোরদারে মেডিকেল কলেজগুলোতে কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় এবং জেলা হাসপাতালে ১০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদিত হয়েছে। এতে প্রকল্পটির ব্যয় ৮১ কোটি ৩১ লাখ টাকা বেড়ে দাঁড়াল ৩৭৫ কোটি ৪৭ লাখ টাকায়।

অন্যদিকে, ‘সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন (৩য় সংশোধন)’ প্রকল্পের ব্যয় ১১৭ কোটি ৪১ লাখ টাকা কমিয়ে সংশোধিত মোট ব্যয় ১ হাজার ৭২৩ কোটি ৪৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।