ফেনীতে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে নির্মিত আওয়ামী লীগের কার্যালয়
ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় উপজেলা কার্যালয়।
আজ বুধবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ওমর ফারুক ডেইলি স্টারকে জানান, ফুটপাত ও সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে দোকানপাট, বিভিন্ন স্থাপনা অপসারণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনা, যানজট নিরসন ও শহরের সৌন্দর্য বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ দেওয়া হবে না।
অভিযানে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাহাতাব উদ্দিন রুমি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তাজেল হোসেন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সড়ক বিভাগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়কালে ছাগলনাইয়া পৌর শহরের ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে সড়ক বিভাগের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের জন্য এ কার্যালয় ভবনটি নির্মিত হয়েছিল। এ ভবনকে কেন্দ্র করে আশে-পাশে আরও বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে ওঠে।