গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

আজ শনিবার বিকেলে বরিশাল নগরের বান্দরোডে কে বি হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা নতুন শাসনব্যবস্থা চাই, গণভোটের রায়ের বাস্তবায়ন চাই। মেকানিজমের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তারা (বিএনপি) গণভোটের রায় ভুলে গেছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে এই সরকারকে জনগণ সরকার হিসেবে মেনে নেবে না।’

জামায়াত আমির অভিযোগ করেন, ‘জনগণের সঙ্গে প্রতারণা করলে তার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা ফ্যাসিবাদের পথে হাঁটছেন, যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

‘ভুল পথ থেকে ফিরে এসে গণভোটের রায় বাস্তবায়ন করুন। ২৫ জুলাই সিলেটের সমাবেশের আগেই এ দাবি মেনে নিন, অন্যথায় ঢাকায় মহাসমাবেশের জন্য প্রস্তুত থাকুন,’ বলেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। মানুষের হাতে ফ্যামিলি কার্ড ধরিয়ে দিয়ে দায় এড়ানো যাবে না। প্রয়োজন হলে হাতে চিড়া-মুড়ি নিয়ে আবারও অধিকার আদায়ের আন্দোলনে নামতে হবে।’

দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোলাবাসীর ন্যায্য দাবি সেতু নির্মাণ ও দক্ষিণাঞ্চলে রেললাইন স্থাপন করতে হবে। বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়। যেখানে বৈষম্য থাকবে, সেখানেই আমরা সোচ্চার হব।’

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে আবারও গণ–অভ্যুত্থানের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে সমাবেশে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

নাহিদ বলেন, ‘মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এখনো হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় এমন কর্মসূচি দেওয়া হবে।’

সংবিধান সংস্কারের নামে কোনো প্রহসন মেনে নেওয়া হবে না উল্লেখ করে নাহিদ বলেন, ‘প্রয়োজন হলে নতুন সংবিধান প্রণয়ন ও নতুন গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না।’

বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াযযম হোসাইন হেলাল। সমাবেশে বক্তব্য দেন এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু প্রমুখ।