ফাইনালে আর্জেন্টিনার দুই জায়গায় অনিশ্চয়তা, স্পেন প্রায় অপরিবর্তিত

স্পোর্টস ডেস্ক

এক পাশে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন, অন্য পাশে লামিন ইয়ামালের নেতৃত্বে স্পেনের নতুন ইতিহাস গড়ার হাতছানি। এমন মহারণের আগে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়েও কম উত্তেজনা নেই। বিশেষ করে আর্জেন্টিনার দুটি পজিশনে শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্তহীনতায় রয়েছেন কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে প্রায় নিশ্চিত একাদশ নিয়েই মাঠে নামতে প্রস্তুত লুইস দে লা ফুয়েন্তের স্পেন।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার আগে শেষ মুহূর্ত পর্যন্ত সম্ভাব্য একাদশ নিয়ে হিসাব-নিকাশ করছেন কোচ লিওনেল স্কালোনি।

পুরো টুর্নামেন্টজুড়েই নিজের পরিকল্পনা গোপন রেখেছেন স্কালোনি। এবারও ব্যতিক্রম হয়নি। তবে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো দল থেকেই দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

প্রথম ধোঁয়াশা ডান প্রান্তের রক্ষণে। নাহুয়েল মোলিনা পুরো টুর্নামেন্টে প্রথম পছন্দ হলেও ইংল্যান্ডের বিপক্ষে তার দিক থেকেই গোল হজম করে আর্জেন্টিনা। পরে বদলি হিসেবে নেমে দারুণ খেলেন গনসালো মন্তিয়েল। তাই ফাইনালে এই দুইজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে।

আরেকটি প্রশ্ন মিডফিল্ডের ডান পাশে। সেমিফাইনালে শুরু থেকে খেলেছিলেন জুলিয়ানো সিমিওনে। তবে বদলি হিসেবে নেমে ম্যাচে বড় প্রভাব ফেলেন রদ্রিগো ডি পল। অভিজ্ঞ এই মিডফিল্ডারের শক্তি ও নেতৃত্বের কথা বিবেচনা করে তাকে আবারও শুরুর একাদশে ফেরানো হতে পারে।

জিওভানি লো সেলসো আলোচনায় থাকলেও তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম; বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করার সম্ভাবনাই বেশি।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য খুব বেশি পরিবর্তনের পথে হাঁটছেন না। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সেমিফাইনালে ফ্রান্সকে হারানো দলটিকেই প্রায় অপরিবর্তিত রাখার পরিকল্পনা করছে দলটি।

সপ্তাহজুড়ে লামিন ইয়ামাল ও রাইট-ব্যাক পেদ্রো পোরোর ফিটনেস নিয়ে কিছুটা সংশয় থাকলেও সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছেন, দুজনই ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত।

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল/জুলিয়ানো সিমিওনে, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্তার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

সম্ভাব্য স্পেন একাদশ

উনাই সিমন; পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইস; লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা; মিকেল ওইয়ারজাবাল।