ডাইনিংয়ের খাবার নিয়ে অভিযোগকারী শিক্ষার্থীকে মারধর, শাবিপ্রবির ২ ছাত্রদল নেতা বহিষ্কার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হলের ডাইনিংয়ের খাবারের মান নিয়ে অভিযোগকারী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—শাবিপ্রবি ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান ও সহকারী দপ্তর সম্পাদক তারেক রহমান। হাসিবুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ও তারেক পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায় উল্লেখ করে আজ রোববার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
এর আগে, গতকাল শনিবার রাতে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুল খন্দকারকে মারধরের অভিযোগ পাওয়া যায়। শাহপরান হলের এই আবাসিক শিক্ষার্থীকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শাবিপ্রবি প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই শিক্ষার্থী এ বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, হলের ডাইনিংয়ে বাসি-পচা মাছসহ নিম্নমানের খাবার পরিবেশনের প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপে পোস্ট দিয়েছিলেন খায়রুল। বিষয়টি নিয়ে একাধিক লেখালেখির পর শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হাসিবুর ও তারেক তাকে আটকান।
খায়রুলের অভিযোগ, ওই দুজন তার বুকে লাথি মারেন এবং মাথা ও মুখে আঘাত করেন। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার পর রাতেই সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে হাসিবুর ও তারেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া শাহপরান হলের প্রভোস্ট ড. ইফতেখার আহমেদকে কল করা হলেও তিনি ধরেননি।
প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, 'উপাচার্য বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জসিম উদ্দিনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'