আবু সাঈদ হত্যা মামলা: খালাস চেয়ে সাজাপ্রাপ্ত ৪ আসামির আপিল
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ৪ আসামি খালাস চেয়ে আপিল দায়ের করেছেন।
তারা হলেন—রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান চৌধুরী (আকাশ)।
আজ বৃহস্পতিবার তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি পৃথক আবেদন করেন।
সাজাপ্রাপ্তদের আইনজীবী আজিজুর রহমান দুলু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২৪ সালের জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে পার্ক মোড়ে গুলি করে হত্যা করা হয়।
আবু সাঈদ হত্যা মামলায় চলতি বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ দুজনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
আইনজীবী আজিজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে আপিলকারী আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড এবং রাফিউল হাসান ও এমরান চৌধুরীকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারা চারজনই বর্তমানে কারাগারে আছেন।
আমির ও সুজন মিলে এবং রাফিউল ও এমরান পৃথক দুটি আপিল দায়ের করেছেন বলে জানান আইনজীবী।
সুপ্রিম কোর্ট পরে এই আপিল আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণ করবেন বলে জানান তিনি।


